বিনোদন ২ জুন, ২০২৩ ০৫:৪৫

পরীমণিকে নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি তারকাদের ভিডিও ফাঁসের ঘটনায় আবারও আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। এই ঘটনায় অভিনেত্রী  সুনেরাহ দাবি করেছেন রাজের আইডি হ্যাক হয়েছে। শুধু তাই নয়, আকারে ইঙ্গিতে রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমণিকে দায়ি করেছেন সুনেরাহ। বিপরীত দিকে পরীমণি পাল্টা অভিযোগ তুলেছেন সুনেরাহর দিকে। রাজকে কেড়ে নিয়েছে সুনেরাহ। সংসার ভাঙলে সুনেরাহর বিরুদ্ধে মামলা করবেন বলেও জানিয়েছেন পরীমণি। রাজ-পরীর এই বিষয়ে নানান মতামত দিচ্ছেন নেটিজেনরা। সেই স্রোতে এবার গা ভাসালেন লেখিকা তসলিমা নাসরিন।

পরীর বিষয়ে দীর্ঘ এক ফেসবুক পোস্ট দিয়েছেন এই নির্বাসিত লেখিকা। তাতে এই চিত্রনায়িকার প্রতি নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন তসলিমা। চিত্রনায়িকা পরীকে ইনোসেন্ট ও ইন্টেলিজেন্ট মনে করেন এই লেখিকা। রাজ পরীমণির সঙ্গে থাকছেন না। বরং রাজ আছেন সুনেরাহর সঙ্গে। অকপটে এই কথাগুলো বলতে পেরেছেন পরী। তাই এই চিত্রনায়িকাকে অন্যদের চেয়ে আলাদা মনে করেন তসলিমা নাসরিন। কিন্তু এরপরই তিনি ঘুড়িয়ে দিয়েছেন কথার মোড়। লিখেছেন, রাজ সুনেরার কাছে যাওয়ার কারণে পরীমণি রাজকে দোষ না দিয়ে দোষী করছেন সুনেরাহকে। এ বিষয়টিকে ভালো চোখে দেখেননি লেখিকা তসলিমা।

বলেছেন, অধিকাংশ মেয়েই পুরুষের দোষ দেখতে পান না। সমস্ত অঘটনের মূলে মেয়েরা আছেন বলে মনে করে মেয়েরাই। পরীমণিও সেটাই করলেন। ভিড়ে মিশে গেলেন। এখানে পরীমণি আর আলাদা থাকলেন না।

এ দিকে পরীমণির অভিযোগকে উড়িয়ে দিয়েছেন সুনেরাহ। রাজ যে তার কাছে ছিল—এ বিষয়টি পরীকে প্রমাণ করে দেখাতে বলেছেন তিনি। এর আগে সুনেরাহ দাবি করেছিলেন রাজের আইডি হ্যাক করা হয়েছে। কিন্তু তার দাবিকে মিথ্যা প্রমাণ করে রাজ জানিয়েছেন তার আইডি হ্যাক হয়নি। তা ছাড়া সুনেরাহ পরীকে সন্দেহ করলেও রাজ তার স্ত্রীকে মোটেও সন্দেহ করেননি। তবে এই ভিডিও কীভাবে প্রকাশ পেল তা খুঁজে দেখবেন রাজ। সেই ভিডিওতে যারা ছিলেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এই চিত্রনায়ক।

কিন্তু ভিডিও ফাঁসের ঘটনায় রাজের ওপর কিছুটা চটেছেন অভিনেত্রী তানজিন তিশা। তিনি রাজের কাছে আরও দায়িত্বশীল আচরণ আশা করেছিলেন। বর্তমানে মার্কিন মুলুকে থাকা এই অভিনেত্রী দেশে ফিরে এ বিষয়ে মামলা করবেন বলে জানিয়েছেন এক পোস্টে। কারও ব্যক্তিগত ভিডিও প্রমাণ ছাড়া ফাঁস করাকে অপরাধ মনে করেন তিনি।

আমাদেরকাগজ / এইচকে