বিনোদন ডেস্ক: ঢালিউডের সিনেমা ‘লিপস্টিকে’ কাজ করার কথা ছিল কলকাতার লাস্যময়ী চিত্রনায়িকা দর্শনা বণিকের। কিন্তু কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে; এমনটি দাবি করেছেন দর্শনা। তবে সিনেমাটির চিত্রনাট্যকার আব্দুল্লাহ্ জহির বাবুর দাবি, ভিসা জটিলতার কারণে দর্শনা বাদ পড়েছেন।
গণমাধ্যমে ইতোমধ্যেই দর্শনা বণিকের ভয়েস রেকর্ড ও একটি স্ক্রিনশট হাতে এসেছে। যা থেকে প্রমাণ হয় ঘটনা সত্য।
এ প্রসঙ্গে দর্শনা বলেন, ‘কলকাতায় এসে জহির বাবুদের সিনেমাটি সই করানোর কথা ছিল। তারা কবে আসবেন জানার জন্যই আমি মেসেজ করেছিলাম। তারপরই উল্টোপাল্টা প্রস্তাব আসে। সেগুলো আমি পাত্তা দেইনি এবং বুঝিয়ে দেই যে এই ধরনের প্রস্তাবে আমি অস্বস্তি বোধ করছি।’
তিনি আরও বলেন, ‘তারপর আর কোনোরকম যোগাযোগই করা হয়নি আমার সঙ্গে। এরপর নিউজ প্রকাশ হওয়ার পর জানতে পেরেছি যে, আমাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। ভিসাসংক্রান্ত ব্যাপারটি সত্য নয়। এখন চারদিকে খবরে দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন একটাই— তারা যে ধরনের মেসেজ আমাকে করেছিলেন, তার বদলে তেমন কোনো উত্তর পাননি বলেই কি ছবিটা থেকে আমায় বাদ দেওয়া হলো?’
এদিকে ঘটনা সত্য নয় বলে জহির বাবু জানান, ‘দর্শনার সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়। সব কিছু ঠিকই ছিল, কিন্তু ভিসার জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুবই সন্তষ্ট। তারই পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছেন দর্শনা। এটা তো মজা করে বলা হয়েছিল।
আমাদেরকাগজ/এইচএম






















