বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতপাকে বাঁধা পড়েছেন। তার বর রাঘব চাড্ডা আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য। রোববার (২৪ সেপ্টেম্বর) রাজস্থানের উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠাকিভাবে বিয়ের ঘোষণা দিয়েছেন পরিণীতি। পাশাপাশি বেশ কিছু বিয়ের ছবিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন— ‘সকালের নাস্তার টেবিলের প্রথম আড্ডা থেকে আমাদের হৃদয় জেনে গেছে; এই দিনটির জন্য দীর্ঘ সময় আমরা অপেক্ষা করেছি। অবশেষে আমরা মিস্টার এবং মিসেস। আমরা পরস্পরকে ছাড়া থাকতে পারতাম না। আমাদের চিরদিনের যাত্রা শুরু।
পরিণীতি-রাঘবের বিয়ে উপলক্ষে বাহারি সাজে সেজেছিল উদয়পুর। আর ঐতিহাসিক এই শহর রাজকীয় এক বিয়ের সাক্ষী হলো। ঘোড়া বা হাতিতে নয়, নৌকায় চেপে রাঘব পৌঁছে যান কনে পরিণীতির কাছে। বরযাত্রীদের নৌকাবিহারের বেশ কিছু ছবি আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বর ও বরযাত্রীদের পাঞ্জাবি আর রাজস্থানি সংস্কৃতি অনুযায়ী স্বাগত জানানো হয় লীলা প্যালেসে।
সদ্য বিবাহিত দম্পতির বিয়েতে আইভরি-থিম ছিল এবং অতিথিরাও এই রঙের পোশাকে সেজেছিলেন। বিয়েতে মনীশ মালহোত্রার ডিজাইনার লেহেঙ্গায় সেজেছেন পরিণীতি। পোশাকের সঙ্গে মানানসই হিরের অলংকারে আরো ঝলমল করছিলেন এই বলিউড নায়িকা। অন্যদিকে রাঘবের পরনে ছিল পবন সচদেবের নকশাকৃত শেরওয়ানি।
বলিউড ও রাজনৈতিক জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই বিয়েতে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বলিউডের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রা, সানিয়া মির্জাসহ একাধিক ভিভিআইপিরা উপস্থিত ছিলেন এই বিয়েতে।






















