খেলাধুলা ১ ডিসেম্বর, ২০২২ ১২:৪১

কাতার বিশ্বকাপ

আজ ইতিহাস গড়তে মাঠে নামছে যারা

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: আজ এক ঐতিহাসিক পর্বে পা দিচ্ছে ফুটবল বিশ্বকাপ। নারী রেফারিদের ইতিহাস গড়ার দিন আজ। পুরুষদের ফুটবল বিশ্বকাপে প্রথমবার ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে যাচ্ছেন নারী রেফারিরা।

কাতারের আল বায়েত স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে জার্মানি ও কোস্টারিকা। ফিফা জানিয়েছে, এই ম্যাচে মূল রেফারি হিসেবে থাকবেন ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ত। তাঁর সহকারী হিসেবে থাকবেন দুই নারী রেফারি ব্রাজিলের নেউজা বাক ও মেক্সিকোর কারেন দিয়াজ।

পুরুষ বিশ্বকাপ ফুটবলের ইতিহাস ৯২ বছরের। যতবারই ফুটবলের এ মহাআয়োজন হয়েছে; কোনোবারই, কোনো কিছুতে ছিল না নারীর স্পর্শ। এবার ভাঙছে বৃত্ত। বিশ্বকাপে হাতে বাঁশি তুলে নিচ্ছেন নারী রেফারি। তাঁর চোখে-চোখে থাকবে ২২ পুরুষ ফুটবলারের গতিবিধি। 

মাত্র ১৩ বছর বয়সেই ফুটবল রেফারিংয়ে হাতেখড়ি ফ্রাপার। আর ১৮ বছর বয়সে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের আসরে রেফারিং করেন। ২০১১ সালে ফ্রান্সের তৃতীয় বিভাগ ফুটবল ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন। এর পর একে একে নতুন সব মাইলফলকের সিঁড়ি ডিঙাতে শুরু করেন তিনি। ২০১৪ সালে প্রথম নারী হিসেবে লিগ টুর (দ্বিতীয় বিভাগ লিগ) ম্যাচ পরিচালনার দায়িত্ব পান ফ্রাপা। পরের বছরই কানাডায় অনুষ্ঠিত ফিফা নারী বিশ্বকাপের ম্যাচে বাঁশি বাজান। ফ্রান্সে অনুষ্ঠিত ২০১৯ নারী বিশ্বকাপ ফাইনালে ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেন। সে বছরই বিশ্বের সেরা নারী রেফারির পুরস্কার জেতেন তিনি।

ফ্রাপার্ত মনে করেন না, তিনি কোনো ইতিহাস গড়েছেন।‘আমি মনে করি না প্রথা ভাঙছি বা ইতিহাস গড়ছি। শুধু নিজের কাজটাই করে যাওয়ার চেষ্টা করছি।  অনেকেই এখন রাস্তায় দেখলে আমাকে চিনতে পারেন, এটাই আমার কাছে একমাত্র পার্থক্য মনে হয়।’

২০০৯ সালে ফিফার রেফারির তালিকাভুক্ত হন ফ্রাপার্ত। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে প্রথম নারী সহকারী রেফারির দায়িত্ব পালন করেন তিনি। কাতার বিশ্বকাপের অফিশিয়াল রেফারির তালিকায় তিনজন মূল নারী রেফারি এবং তিনজন সহকারী নারী রেফারি রয়েছেন।

 

আমাদের কাগজ//টিএ