খেলাধুলা ২ ডিসেম্বর, ২০২২ ০৯:০২

দুই'শ টাকায় দেখা যাবে সাকিব-কোহলিদের খেলা

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজ। বিশ্বকাপ ফুটবলের মাঝেও এই সিরিজটি নিয়ে মানুষের আগ্রহের কমতি নয়। প্রতিবেশী দেশটির সঙ্গে ক্রিকেট লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীতা থাকে তুঙ্গে। দর্শকদেরও সিরিজটি দেখতে থাকার কথা মাঠে। 

সাধারণত ঘরের মাঠে খেলা হলে ১০০ টাকায় মাঠে বসে ওয়ানডে ম্যাচ দেখার সুযোগ পেতেন দর্শকেরা। তবে আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে মিরপুরের সব গ্যালারির টিকিটেরই দাম বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

 

জানা যায়, ভারতের বিপক্ষে এই সিরিজের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। নির্ধারিত বুথ থেকেই টিকিট কিনতে হবে দর্শকদের। টিকিটের দামও অন্যান্য সিরিজ থেকে একটু বাড়তি। ম্যাচের আগের দিন থেকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে বাংলাদেশ-ভারতের সিরিজের টিকিট। ম্যাচের দিনও নির্ধারিত বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট কাউন্টার খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ইষ্টার্ন গ্যালারির টিকিট ১০০ টাকায় পাওয়া গেলেও এবার সেটির দাম বাড়িয়ে রাখা হয়েছে ২০০ টাকা। নর্দান এবং সাউদার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়। আগের সিরিজ গুলোই এই গ্যালারির টিকিটের দাম ছিল ১৫০ টাকা। ৩০০ টাকার ক্লাব হাউজের টিকিটের দাম এবার করা হয়েছে ৫০০ টাকা।

এদিকে ভিআইপি স্ট্যান্ডের দাম এক হাজার টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। যা পূর্বে পাওয়া যেতো ১ হাজার টাকায়। আগামী ৩ ডিসেম্বর সকাল ৯ টা থেকে শুরু হবে টিকিট বিক্রি, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পুরো সিরিজের টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
 
উল্লেখ্য,সিরিজের প্রথম দুটি ম্যাচ মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়া শেষ ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

আমাদের কাগজ/এম টি