খেলাধুলা ৬ জানুয়ারি, ২০২৩ ১০:৪১

বিপিএলের নবম আসরের পর্দা উঠছে আজ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ, খেলাধুলা ডেস্কঃ শুরু হতে যাচ্ছে অতি প্রত্যাশিত (বিপিএল)। ছয়টি দল নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) নবম আসর আজ শুক্রবার মাঠে গড়াচ্ছে।

মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

দুপুর আড়াইটায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স পরস্পরের মুখোমুখি হবে। 

দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ হলেও বিপিএলের সীমাবদ্ধতা দিন দিন বেড়েই চলেছে। বিপিএলে দলের নাম, রং, লোগো আর মোড়কে বারবার বদল এনে বার বার সমালোচিতও হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও প্রায় গোটা টুর্নামেন্টে পাওয়া যাবে না ডিআরএস প্রযুক্তি।

অনেক স্বপ্ন আর সম্ভাবনার গল্প নিয়ে ভারতের জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএলের ৪ বছর পর আত্মপ্রকাশ হয় বিপিএলের। কিন্তু প্রায় সমসাময়িক অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগ কিংবা অনেক পরে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগ যেখানে তরতর করে এগিয়ে যাচ্ছে, সেখানে যুগ পেরিয়ে গেলেও এ টুর্নামেন্টটি বিশ্বের অন্যতম অপরিকল্পিত আর জোড়াতালির টুর্নামেন্ট হয়েই আছে।

২০১২ সালে বিপিএল শুরু হয়ে প্রতি বছর আয়োজন করা গেলে এবার ১২তম আসর মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ফিক্সিংকাণ্ডে পড়ে ২০১৪ এবং করোনার থাবায় ২০২০ আর ২১ সালের আসর মাঠে গড়ায়নি। তবে এক আসর যায় অন্য আসর আসে, কিন্তু বিপিএলের মানের কোনো পরিবর্তন দেখা যায় না।

এবারের আগে আট আসরে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ৩ বার বিপিএলের শিরোপা ঘরে তুলেছে। কুমিল্লার মতো ঢাকাও সমান ৩ আসরে চ্যাম্পিয়ন। তবে দুটি ভিন্ন নামে (গ্ল্যাডিয়েটর্স হয়ে দুবার আর ডায়ইমাইটস একবার) চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া একবার করে শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ও রাজশাহী রয়্যালস।

ব্যক্তিগত সাফল্যে এগিয়ে দেশের দুই শীর্ষ তারকা। সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। ৭৯ ম্যাচে করেছেন ২৬২৮ রান। আর বল হাতে রাজত্ব করেছেন সাকিব আল হাসান। ৮৭ ম্যাচে ১২২ উইকেট সুপার সাকিবের। 

সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল ৫টি। বিপিএলের সর্বোচ্চ রানের রেকর্ডের সঙ্গে সবচেয়ে বেশি ১৪৩টি ছয় হাঁকিয়েছেন এ ইউনিভার্স বস।

এখন পর্যন্ত ছয়টি হ্যাটট্রিক হয়েছে বিপিএলে। যার তিনটি বাংলাদেশি বোলারদের কীর্তি। তালিকায় আছেন আল আমিন হোসেন, আলিস ইসলাম ও সবশেষ আসরে মৃত্যুঞ্জয় চৌধুরী। 

আমাদের কাগজ/এম টি