স্পোর্টস ডেস্ক : বিপিএল থেকে দেশে ফিরেই পিএসএল শুরুর আগে দলগুলো নিজেদের মধ্যে প্রদর্শনীমূলক খেলছিল। আজ,৫ ফেব্রুয়ারি পাকিস্তানের কোয়েটার নবাব আকবর খান বুগতি ক্রিকেট স্টেডিয়ামে তেমনই এক ম্যাচে মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমি। সেই ম্যাচে কোয়েটার জার্সিতে ওভারে ছয় ছক্কা হাঁকানোর কীর্তি গড়লেন ইফতিখার।
কোয়েটার ইনিংসের শেষ ওভারে বোলিং করতে আসেন পেশোয়ার জালমির অভিজ্ঞ বোলার ওয়াহাব। সেই ওভার শুরুর আগে ইফতিখার ৫৮ রানে অপরাজিত ছিলেন। ওয়াহাবকে সেই ওভারে থার্ডম্যান অঞ্চল, মিড অফ, ডিপ মিড উইকেট এবং ডিপ ব্যাকওয়ার্ডের উপর দিয়ে টানা ছয় বলে ছয় ছক্কা মারেন ইফতিখার। শেষ পর্যন্ত ৫০ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন ইফতিখার।
এই ব্যাটসম্যানের দানবীয় ব্যাটিংয়ে ভর করে কোয়েটা শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৮৪ রানের বিশাল স্কোর দাঁড় করায়। ইফতিখারের ছয় ছয় হাঁকানোর দিনে তার দল কোয়েটা জিততে পারে মাত্র ৩ রানে।
চাচা খ্যাত ইফতিখার এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। সাউদার্ন আর্মিদের জার্সিতে ইফতিখার ১০ ম্যাচ থেকে ৩৪৭ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চারে অবস্থান করছেন। বিপিএলে এই ক্রিকেটার একটি শতকের সঙ্গে ৩টি অর্ধশতক পেয়েছেন।
আমাদেরকাগজ/ এইচকে






















