খেলাধুলা ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১০

প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া 

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে ভারতকে হারানোর চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। নাগপুরে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।  ভারতের হয়ে এদিন টেস্টে অভিষেক হচ্ছে মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদব ও শ্রীকার ভারতের। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে স্পিনার টড মারফির।

অজিদের বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স ভারতের মাটিতে টেস্ট সিরিজকে অভিহিত করেছেন যুগ নির্ধারক সিরিজ হিসেবে। টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ও র‍্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা ভারতের সিরিজ বরাবরের মতোই উত্তাপ ছড়াচ্ছে। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ তো বলেই দিয়েছেন ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সিরিজ জয় অ্যাসেজ জয়ের চেয়েও বড় অর্জন।

সেই অর্জনকে মুকুটের কোহিনূর বানাতে অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জ ভারতের স্পিন অ্যাটাক। নাগপুরের স্পিনবান্ধব উইকেটে ভারত মাঠে নামছে তিন স্পিনার নিয়ে। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গী হিসেবে থাকছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।

প্রথম টেস্টে ভারতের জার্সিতে অভিষেক হচ্ছে মিডলঅর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব ও উইকেটকিপার-ব্যাটার শ্রীকার ভারতের। সাম্প্রতিক ক্রিকেটে সবচেয়ে আলোচিত ব্যাটারদের একজন সূর্যকুমার ক্রিকেটের দুই সংক্ষিপ্ত সংস্করণে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টেস্ট দলে জায়গা করে নিলেও তার জন্য অ্যাসিড টেস্ট অজিদের বিপক্ষে এ সিরিজ। তাকে জায়গা করে দিতে একাদশে জায়গা হয়নি দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিলের। তাই চ্যালেঞ্জটা তার জন্য আরও বড়।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়াও দল সাজাতে গিয়ে দিয়েছে বড় চমক। পিচ রিপোর্ট অনুযায়ী, এই উইকেটে বাঁহাতি ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ একটু বেশিই থাকছে। বাঁহাতিদের জন্য অফস্ট্যাম্পে গুড লেন্থের বল খেলতে থাকতে হবে অতিরিক্ত সতর্ক। তাই বাঁহাতি ইনফর্ম ব্যাটার ট্রাভিস হেডকে বসিয়ে জায়গা দেয়া হয়েছে ডানহাতি পিটার হ্যান্ডসকম্বকে। ভারতের স্পিননির্ভর আক্রমণের বিপক্ষে অস্ট্রেলিয়া কমিয়েছে একজন বাঁহাতি ব্যাটার। ভারতের মতো অস্ট্রেলিয়া একাদশেও আছে নতুন মুখ। এ ম্যাচে ব্যাগি গ্রিন পেয়েছেন ডানহাতি অফব্রেক বোলার টড মারফি। ভারতের দুই পেসার ও তিন স্পিনার নির্ভর বোলিং আক্রমণের বিপরীতে অস্ট্রেলিয়া নামছে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ম্যাট রেনেশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি (উইকেট কিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, টড মারফি ও স্কট বোল্যান্ড।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার  যাদব, শ্রীকার ভারত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

আমাদেরকাগজ/ এইচকে