খেলাধুলা ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:১৯

রোনালদোর জোড়া অ্যাসিস্টে শীর্ষে আল-নাসর

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল-নাসরের যোগ দিয়ে কিছুটা বাজেভাবেই শুরু করেছিলেন। তবে এবার পর্তুগিজ মহাতারকা খুব দ্রুতই মাঠের পারফরম্যান্সে কামব্যাক করেছেন। আগের ম্যাচে একাই চার গোল করে দলকে জিতিয়েছিলেন। এবার গোল করতে না পারলেও জোড়া অ্যাসিস্ট করেছেন সিআর সেভেন। শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি রাতে কিং সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে রোনালদোর দুই অ্যাসিস্টের নৈপুণ্যে আল-তাউনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আল-নাসর। এতে সৌদি প্রো লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ক্লাবটি।

আল-নাসরের বিপক্ষে সমানে লড়াই করেছিল আল-তাউন পুরো ম্যাচে । বল দখলে পুরো ম্যাচেই নাসরের চেয়ে এগিয়ে ছিল তারা। তবে রোনালদোর অসাধারণ পারফরম্যান্সে জয়ের শেষ হাসি হাসে আল-নাসরই। ম্যাচের পাঁচ মিনিটেই দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার শটটি গোলপোস্ট মিস করে যায়।

ম্যাচের ১৭তম মিনিটে রোনালদোর লম্বা পাস থেকে আবদুল রহমান ঘারিব গোল করে আল-নাসরকে এগিয়ে নেন। এরপর ৩২তম মিনিটে আবারও সুযোগ আসে রোনালদোর সামনে। তবে পর্তুগিজ তারকার দুর্বল আকৃতির শট তাউনের গোলরক্ষক ঠেকিয়ে দেন।একইভাবে ম্যাচজুড়ে আরো বেশ কিছু সুযোগ পেয়েছিলেন সিআর সেভেন। কিন্তু সেসব তিনি স্কোরে রূপ দিতে না পারায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

বিরতিতে থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পরিশোধ করে আল-তাউন। স্প্যানিশ ফুটবলার আলভারো মেদরান গোল করে স্কোরবোর্ডে নিজের নাম তুলেন। এর দুই মিনিট পরেই পর্তুগিজ তারকা আবারো দলকে লিড এনে দিতে ব্যর্থ হন। ৬৭তম মিনিটে নাসরকে প্রায় টপকেই গিয়েছিল আল-তাউন। তবে ভিএআরের কল্যাণে লিয়ান্দ্রে তায়াম্বার গোলটি বাতিল হয়ে যায়।

৭৮তম মিনিটে আবারো দলকে এগিয়ে দেন রোনালদো। তবে এবারো স্কোরে অ্যাসিস্ট করেন তিনি। আবদুল্লাহ মাদু’র গোলেও রোনালদো বলের যোগান দেন। এখন পর্যন্ত লিগের ৫ ম্যাচে ৫টি গোল করেছেন রোনালদো।

আর এই জয়ে লিগে ১৭ ম্যাচে ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে রোনালদোর ক্লাব আল–নাসর। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে তাদের পরেই অবস্থান করছে আল-ইত্তিহাদ ও আল-শাবাব। তবে একটি ম্যাচ বেশি খেলেছে আল-শাবাব।

আমাদেরকাগজ/ এইচকে