খেলাধুলা ২ জুলাই, ২০২৩ ০৭:২১

মাশরাফির সঙ্গে সাক্ষাৎ করবেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক: আগামীকাল সোমবার বাংলাদেশ সফরে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সংক্ষিপ্ত সফরে তার স্পন্সর প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

রোববার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে নেক্সট ভেঞ্চার।

মার্টিনেজকে কলকাতা ও ঢাকা আনছেন কলকাতার স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। সংবাদমাধ্যমে শতদ্রু দত্ত বলেন, 'আমস্টারডাম থেকে আগামীকাল (সোমবার) ভোর সাড়ে ৫টায় ঢাকায় পৌঁছাবেন মার্টিনেজ। এরপর হোটেলে কিছুটা সময় বিশ্রাম নেবেন। দুপুরের দিকে পৌনে এক ঘণ্টার জন্য কোম্পানির অফিসপরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। এরপরই বাংলাদেশ ত্যাগ করবেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এ গোলরক্ষক।' বাংলাদেশে ১১ ঘণ্টার মতো থেকে বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা থেকে উড়ে যাবেন কলকাতায়।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

আমাদেরকাগজ/এইচএম