খেলাধুলা ৭ আগস্ট, ২০২৩ ১০:৩১

বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়, দুপুরে যাবে পদ্মা সেতুতে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ১০ দলের শ্রেষ্ঠত্বের এই লড়াই; যা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। এর আগেই গত কাল রোববার রাত ১১ টার দিকে ট্রফিটি বাংলাদেশে আসে। জানা যায়, বিশ্ব সফরের অংশ হিসেবে তিন দিনের জন্য ৭ থেকে ৯ আগস্ট এটি থাকবে বাংলাদেশে। এরপর ১০ আগস্ট কুয়েতে যাবে বিশ্বকাপের শিরোপাটি। 

তথ্য অনুযায়ী, আজ ৭ আগস্ট পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সার্ভিস এরিয়াতে আনুষ্ঠানিক ফটোশ্যুট হবে বিশ্বকাপের ট্রফির। দুপুর ৩টায় হবে এই ফটোসেশন পর্ব। এর আগে, বিশ্বকাপের গত আসরে ট্রফি ট্যুরের সময় জাতীয় সংসদ ভবনের সামনে ফটোসেশন করা হয়েছিল। এবার বিসিবির পরিকল্পনায় পদ্মা সেতু।

পরদিন ৮ (মঙ্গলবার) আগস্ট সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত সংবাদমাধ্যম, জাতীয় দল, নারী জাতীয় দল, সাবেক ক্রিকেটার, ক্রিকেটের অফিসিয়াল ও আয়োজকদের জন্য ট্রফিটি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাখা হবে।

ট্রফি ট্যুরের শেষ দিন ৯ আগস্ট ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে ট্রফিটি।

এর আগে, গত জুনে ট্রফিটি পৃথিবী হতে এক লাখ ২০ হাজার ফুট ওপরে থেকে দর্শনীয় শৈলীতে বিশেষ প্রযুক্তির বেলুনের মাধ্যমে ফাইনালের ভেন্যু ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবতরণ করেছে। এরপর ২৭ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত ট্রফি ট্যুর চলে ভারতের বিভিন্ন শহরে।

উল্লেখ্য, ভারতের ১০ শহরের ৪৬ দিনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ।

আমাদেরকাগজ/এমটি