স্পোর্টস ডেস্ক : এবারের ১৬তম এশিয়া কাপে মোটেও ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। এবারের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চার ম্যাচের মধ্যে কেবল আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে টাইগাররা। সুপার ফোরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে হেরে ফাইনালের দৌড় থেকেও ছিটকে গেছে বাংলাদেশের। শোচনীয় হারের ম্যাচে যাচ্ছেতাই ব্যাটিং করেছে বাংলাদেশের ব্যাটাররা। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশন। এই পজিশনেই সবচেয়ে বাজে ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছে সাকিব বাহিনী।
এবার সাকিবদের এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাতের দিনে নতুন প্রসঙ্গ তুলে এনেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন।
তিনি বলেন, অভিজ্ঞ রিয়াদকে দলে রাখার বিষয়টি তার (সুজন) কাছে অজানা। এর পেছনের প্রকৃত কারণও খুঁজে বের করতে চান তিনি।
সুজনের ভাষ্যমতে, মাহমুদউল্লাহ রিয়াদ কেন দলে নেই, সেটি আমি জানি না। এ বিষয়ে কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আমি বসব। কী কারণে তাকে দলে রাখা হচ্ছে না, সেটি জিজ্ঞেস করব।
এদিকে এবারের এশিয়া কাপের স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ক্ষোভও প্রকাশ করেছেন ক্রিকেট-ভক্তরা। তাই আবারও প্রশ্ন জেগেছে এশিয়া কাপে তরুণদের ব্যর্থতার মিছিলে আবারও জাতীয় দলের দরজা খুলছে কি না রিয়াদের! দেশের ক্রিকেটাঙ্গনে এমন প্রশ্ন বেশ কিছুদিন ধরেই ভেসে বেড়াচ্ছে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লঙ্কানদের সঙ্গে হারের পর বিষয়টি আরও জোরালোভাবে চাউর হয়েছে। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও ইঙ্গিত দিয়েছেন মাহমুদউল্লাহকে দলে ফেরানোর।
আমাদের কাগজ / এইচকে






















