স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের ইনিংসের পঞ্চম ওভারেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘণ্টা ৮ মিনিট বন্ধ থাকার পর ৮ ওভার কমিয়ে আবারও খেলা মাঠে গড়ায়। কিন্তু বৃষ্টির হানায় আবার খেলা বন্ধ রয়েছে। বৃষ্টি নামার আগ পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছে নিউজিল্যান্ড। এর আগে বৃষ্টির কারণে এ ম্যাচ আগেই নেমে এসেছে ৪২ ওভারে। সেটি কমে আসবে আরও নিশ্চিতভাবেই।
বিপদ হয়ে ওঠা জুটিও ভাঙলেন মোস্তাফিজ
নিউজিল্যান্ডের ইনিংসে শুরুতেই জোড়া উইকেট শিকার করেছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। এরপর তৃতীয় উইকেটে উইল ইয়াং ও হেনরি নিকোলস জুটিতে শুরুর সেই বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহের চোখ রাঙানি দিচ্ছিল তারা। তবে দলীয় শতকের পর বিপদ হয়ে ওঠা জুটিও ভাঙলেন মোস্তাফিজ।
দলীয় শতক ছাড়াল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের শুরুতে জোড়া উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে এরপর আর কোনো বিপর্যয় হতে দেননি উইল ইয়াং ও হেনরি নিকোলস জুটি। তৃতীয় উইকেট তাদের দুজনের জুটিতে দলীয় শতক ছাড়াল সফরকারীরা।
ইয়াংয়ের ফিফটি
ক্যারিয়ারের চতুর্থ ফিফটিটি এসেছে নাসুমের বলে সিঙ্গেল নিয়ে। এ বাঁহাতি স্পিনারের প্রথম ১৩ বলে কোনো রানই তুলতে পারেননি ইয়াং। নিউজিল্যান্ড ১০০ পেরিয়েছে এর আগেই।
ইয়ং-নিকলস জুটির ফিফটি, লড়ছে নিউজিল্যান্ড
দলীয় ১৬ রানের মধ্যেই নিউজিল্যান্ডের জোড়া উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে এরপর আর কোনো বিপর্যয় হতে দেননি ওপেনার উইল ইয়ং ও মিডল অর্ডার ব্যাটার হেনরি নিকলস। তাদের দুজনের পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে লড়াই করছে সফরকারীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৯ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ৬৯ রান। ইয়ং ২৯ ও নিকলস ২৪ রানে ব্যাট করছেন।
বৃষ্টির পর মোস্তাফিজের জোড়া শিকার, চাপে নিউজিল্যান্ড
বৃষ্টির কারণে প্রায় ২ ঘণ্টা পর শুরু হয় খেলা। খেলা শুরুর পর বল হাতে ঠিকই জ্বলে উঠলেন কাটার মাষ্টার মোস্তাফিজ। পরপর দুই ওভারে জোড়া উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি এই পেসার। এতে দলীয় ১৬ রানে ২ ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।
বৃষ্টির পর একপ্রান্তে মোস্তাফিজ বল করলেও অন্যপ্রান্তে তানজিম সাকিবের বদলে স্পিনার নাসুম আহমেদকে নিয়ে আসেন ক্যাপ্টেন লিটন দাস। বোলিংয়ে এসেই নিউজিল্যান্ডকে চাপে রাখেন তিনি। নিজের প্রথম দুই ওভারে বল হাতে কোনো রানই খরচ করেননি বাঁহাতি এই স্পিনার।
সেই চাপ থেকে বের হওয়ার আগেই কিউই ওপেনার ফিন অ্যালেনকে ফেরান কাটার মাষ্টার মোস্তাফিজ। তার বলে উইকেটের পিছনে দারুণ এক ক্যাচ লুফে নেন জাতীয় দলে ফেরা উইকেটকিপার নুরুল হাসান সোহান। এতে দলীয় ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় সফরকারীরা।
আমাদেরকাগজ / এইচকে






















