অপরাধ ও দুর্নীতি ৩১ অক্টোবর, ২০২০ ০৮:৩৬

ভেড়ামারায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে একরাম মোল্লা (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি ভুক্তভোগীর ফুফা হয়। 

গত বৃহস্পতিবার বিকালে এ ঘটনায় একরাম মোল্লাকে আটক করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আটককৃত একরাম মোল্লা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা।

ভেড়ামারা থানার ৬৬নং বিট পুলিশের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, প্রতিবন্ধী ঐ এবং তার পরিবার কিছুদিন আগে পদ্মার পানি বৃদ্ধির কারণে নিজ বাড়ি ছেড়ে তার আপন ফুফা একরাম মোল্লার বাড়িতে এসে অবস্থান নেন। এর মধ্যে গত ১০ অক্টোবর প্রতিবন্ধী ঐ কিশোরীর আপন ফুফা একরাম মোল্লা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন কিশোরীর মা। এ ঘটনায় বৃহস্পতিবার ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেন ঐ কিশোরীর মা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ঐ কিশোরীকে ধর্ষণ করে একরাম মোল্লা। পরে ঐ কিশোরীকে ভয়ভীতি দেখায় যাতে বিষয়টি কাউকে না জানায়। ঘটনার ৫ দিন পরে ঐ কিশোরী তার মাকে বিষয়টি জানায়। কিশোরীর মা বিষয়টি একরাম মোল্লার স্ত্রীকে জানালে সে কিছুদিন অপেক্ষা করতে বলে এবং কাউকে না জানানোর কথা বলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল জানান, ঐ কিশোরীর মায়ের দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে একরাম মোল্লাকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে। সেই সাথে ঐ কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।