অপরাধ ও দুর্নীতি ১ নভেম্বর, ২০২০ ১০:৪৬

গৃহকর্মীকে ধর্ষণ করলেন হাজী

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের বোয়ালখালীতে হাজী ফজল করিম নামের ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার হাজী ফজল করিম উপজেলার পশ্চিম গোমদণ্ডী ৭নং ওয়ার্ডের চরখিজিরপুর সাতঘরিয়া পাড়ার মৃত হাজী কালা মিয়ার ছেলে। মামলার এজাহারে জানা গেছে, গত ৩০ অক্টোবর শুক্রবার সকাল ১০টার দিকে হাজী ফজল করিম তবারক নেয়ার জন্য গৃহকর্মীকে ঘরে ডেকে নিয়ে যায়। ওই সময় রান্না ঘরে তবারক নিতে গেলে তাকে জড়িয়ে ধরে এতে বাধা দেয়ার চেষ্টা করলে ওই গৃহকর্মীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহকর্মী বোয়ালখালী থানায় মামলা দায়ের করলে পুলিশ হাজী ফজল করিমকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা করানো হয়।