ডেস্ক রিপোর্ট
পটুয়াখালীর বাউফল উপজেলায় কৃষি কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লাকে মারধরের মামলায় কনকদিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সারে পাঁচটার দিকে উপজেলার বগা পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মহিবুল্লাহর নেতৃত্বে বরিশালের লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় কৃষি অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনছার মোল্লা নিজ গ্রামের বাড়ি থেকে সন্ধ্যার দিকে কনকদিয়া বাজারে গেলে চেয়ারম্যান শাহিনের সঙ্গে দেখা হয়। এক পর্যায়ে তিনি আনছার উদ্দিনকে ডেকে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের নাম ধরে গালাগাল করেন। আনছার উদ্দিন এর প্রতিবাদ করলে তাকে প্রকাশ্যে মারধর করেন শাহিন হাওলাদার।
এ ঘটনায় ওই রাত ১১টায় আনছার উদ্দিন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চেয়ারম্যান শাহিন হাওলাদারকে আসামি করে বাউফল থানায় একটি মামলা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, চেয়ারম্যান শাহিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।






















