নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর প্রচারণা চালানোর দায়ে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে র্যাব।
গত বৃহস্পতিবার রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল দারুসসালাম থানাধীন এলাকা হতে এই তরুনীকে গ্রেফতার করে।
র্যাব-৪ জানান, মূলত সে নিজ নামে সাতটি ফেইসবুক আইডি, দুইটি ব্যক্তিগত ব্লগভিত্তিক ফেইসবুক পেইজ এবং টুইটার আইডি হতে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষী পোস্ট করে আসছে। তার একাধিক ফেইসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও সে নতুন আইডি খোলে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণার চেষ্টা চালিয়ে আসছিলো।
র্যাব-৪ আরও জানান, উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যাঙ্গচিত্র, বক্তব্য ও ধর্ম বিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

র্যাব-৪ জানান, গ্রেফতারকৃত আসামী উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ উস্কানিমূলক সাইবার অপরাধীর বিরুদ্ধে র্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে।






















