ডেস্ক রিপোর্ট
কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফারহান মাসুদ বিজয় নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বিজয় শহরের নগুয়া এলাকার আবদুর রহমানের ছেলে। তার গ্রামের বাড়ি নিকলী উপজেলায়। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অনেক দিন ধরে নগুয়া ও আখড়াবাজার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।
সোমবার বিকেলে নগুয়া প্রথম মোড় এলাকায় প্রতিপক্ষের হামলার শিকার হন বিজয়। পায়ে ছুরিকাঘাতে আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বিজয়কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাতে আখড়াবাজার এলাকায় কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, হত্যায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।






















