ডেস্ক রিপোর্ট
ফুল ও মিষ্টি দেওয়ার লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার রাজশাহী নগরের শাহ মখদুম থানা এলাকায় বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মো. মানিক (২৮)।
খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়। তবে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি ধরা পড়েনি।
পুলিশ জানায়, ফুল ও মিষ্টি দেওয়ার কথা বলে চার বছরের মেয়েকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন মানিক। শিশুটি ওই ঘটনা বাসায় ফিরে মাকে জানায়। এদিকে এলাকায় এই খবর ছড়িয়ে পড়লে লোকজন মানিকের বাড়ি ঘেরাও করে রাখে। তবে এর আগেই তিনি পালিয়ে যান।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার এলাকাবাসীর বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, এর আগেও এই যুবক পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছিলেন। তখন স্থানীয়ভাবে বসে সেটি মীমাংসা করে ফেলা হয়। এবার এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে মানিকের বাড়ি ঘেরাও করেছিলেন।
ওসি আরও বলেন, মানিক মুঠোফোন বাসায় রেখে পালিয়েছেন। ফলে তাঁর অবস্থান নির্ণয় করা যায়নি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা করেছেন।






















