নিজস্ব প্রতিবেদক
বিশ্ব বিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়া মহসিন তালুকদার (৪০) আত্মগোপন করেন সুনামগঞ্জে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসি গ্রামে তার ভায়রার বাড়িতে লুকিয়ে ছিলেন। আজ মঙ্গলবার র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৯-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ রাসেল বলেন, মহসিন সুনামগঞ্জে লুকিয়ে আছেন, এই খবর পেয়ে সোমবার রাতেই তিনটি দল জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। সুনামগঞ্জে তার বিভিন্ন আত্মীয় ও পরিচিত ব্যক্তিদের বাড়িতে অভিযান চালানো হয়। তাকে ধরার জন্য সিলেট থেকে তার স্ত্রী এবং এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকেও নিয়ে আসা হয় সুনামগঞ্জে। আজ সকালে মহসিনের সাথে তার স্ত্রীর মুঠোফোনে কথা বলার সূত্র ধরে তার অবস্থান নিশ্চিত হয় র্যাব। পরে রনসি গ্রামে তার ভায়রার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সেখান পরে মহসিনকে সিলেট র্যাব কার্যালয়ে পাঠানো হয়।
মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে। একসময় ব্যবসা করলেও করোনায় বেকার হয়ে পরে মহসিন।
উল্লেখ্য গত শনিবার রাত ১২টার দিকে ফেসবুক থেকে লাইভে আসেন। সম্প্রতি কলকাতায় কালীপূজার একটি অনুষ্ঠানে সাকিবের উপস্থিতির কারণে তাঁকে কুপিয়ে হত্যার হুমকি দেন এই যুবক। এরপর রোববার ভোর ছয়টার দিকে আবারও লাইভে এসে আগের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।






















