অপরাধ ও দুর্নীতি ৯ মার্চ, ২০২১ ০৩:৪৫

বরিশালে দুই মাদককারবারির কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট

বরিশালে নিজ হেফাজতে ইয়াবা রাখার অপরাধে মাদককারবারি তপন কুমার শিকারীকে নয় বছর কারাদণ্ড ও মোখলেছুর রহমানকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত তপন কুমার শিকারী পটুয়াখালী জেলার গলাচিপার বোয়ালিয়া এলাকার হরলাল শিকারীর ছেলে। এছাড়া মোখলেছুর রহমান কুমিল্লা জেলার মেঘনার বড় নয়াগাঁও এলাকার আ. জলিল মিয়ার ছেলে।

রায় ঘোষণার সময় তপন ও মোখলেছুর আদালতে উপস্থিত ছিল বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী হেদায়েতুন নবী জাকির।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর ডিএডি সৈয়দুজ্জামান তার সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশালের দোয়ারিকা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তপনকে ও ৬২০ পিস ইয়াবাসহ মোখলেছুরকে আটক করে মামলা দায়ের করেন। একই বছর ২৭ এপ্রিল তদন্তকারি কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হালদার মামলার চার্জশিট জমা দেন। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন। রায় শেষে দণ্ডপ্রাপ্ত দু’জনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।