নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে পিস কোচিং সেন্টারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির করার অভিযোগে কোচিং সেন্টারের শিক্ষক শামিম রেজা লিপ্টনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বুধবার বিকেলে তাকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
বুধবার রাতে কলেজ ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক শামিম রেজা লিপ্টন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিস কোচিং সেন্টারের পরিচালক ও রেহাইচর এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী কলেজছাত্রীর স্বজন, স্থানীয় বাসিন্দা ও প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রতিদিনের মতো ১৫ ফেব্রুয়ারি ভোরে কোচিং সেন্টারে যায় ওই কলেজছাত্রী। এ সময় কোচিং সেন্টারের শিক্ষক শামিম রেজা লিপ্টন তার শ্লীলতাহানি করেন। বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান কলেজছাত্রী। পুনরায় আবারও কোচিং সেন্টারে যায় ভুক্তভোগী ছাত্রী। এ সময় আবারও শ্লীলতাহানির চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা মারধর শুরু করে। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কোচিং শিক্ষক শামিম রেজাকে উদ্ধার করে আনা হয়েছিল। বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করেছেন। এ ঘটনায় বুধবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কোচিং সেন্টারের শিক্ষক কলেজছাত্রীকে শ্লীলতাহানির কথা শিকার করেছেন।
আমাদেরকাগজ/ এইচকে






















