অপরাধ ও দুর্নীতি ৮ নভেম্বর, ২০১৯ ০৫:৩২

বাঁশের খুঁটিতে রংপুর সিটি করপোরেশনের টানা হয়েছে বিদ্যুৎ লাইন 

ডেস্ক।। 

রংপুর শহরের বাহার কাছনা এলাকার স্কুলপাড়া গ্রাম। রাস্তার ধারে শত শত বাঁশের খুঁটি দিয়ে এভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে প্রায় ১২শ' পরিবারে। কোথাও কোথাও তার ঝুলছে ঘরের চালে।  আবার টেপ দিয়ে জোড়া দেয়া হয়েছে ছেঁড়া তারও।

রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বাঁশের খুঁটির মাধ্যমে টানা হয়েছে বিদ্যুৎলাইন। এতে দেখা দিয়েছে মারাত্মক ঝুঁকি। ভুক্তভোগীরা বলছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যুৎ অফিসে বার বার অভিযোগ করলেও কোনও সুরাহা হয়নি। তবে, বিদ্যুৎ অফিস বলেছে, এসব খুঁটি পর্যায়ক্রমে সরিয়ে নেয়া হবে।

রংপুর শহরের বাহার কাছনা এলাকার স্কুলপাড়া গ্রাম। রাস্তার ধারে শত শত বাঁশের খুঁটি দিয়ে এভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে প্রায় ১২শ' পরিবারে। কোথাও কোথাও তার ঝুলছে ঘরের চালে।  আবার টেপ দিয়ে জোড়া দেয়া হয়েছে ছেঁড়া তারও।

বাহার কাছনাসহ নগরীর বেশ কয়েকটি ওয়ার্ডে বাঁশের খুঁটি দিয়ে এমন ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, দীর্ঘদিন থেকে এই অবস্থা থাকলেও দেখার কেউ নেই। 

এলাকার কয়েকজনের অভিযোগ, 'বাঁশ দিয়ে কারেন্টে টেনে এনেছে, আমার খুবই ভয় লাগে। আমার ঘরের মধ্যে পড়লে মারা সবাই মারা যাব।' 'এ তারগুলো কয়েকবার পড়ে গেছে প্রতিবারই তোলা হয়েছে। আগুন জ্বলে ওঠে।'

তাদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিকে জানানো হলেও দেখেও দেখেন না তিনি। বরং দালালের মাধ্যমে মোটা অংকের টাকা চাওয়া হয়েছে বলে দাবি করেছেন তারা। তারা বলেন, 'কেউই খোঁজ নেন না। কাউন্সিলর টাকা চেয়েছেন। টাকা দেয়া হয়নি। তাই তিনি হুমকি দিয়েছেন বিদ্যুতের লাইন এখন থেকে সরিয়ে নিয়ে যাবে।'

স্থানীয় জনপ্রতিনিধি এই অভিযোগ অস্বীকার করেছেন। রংপুর সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানি বলেন, 'কে হুমকি দিয়েছে তারা আমাকে সে কথা বলেনি। কাকে টাকা পয়সা দিয়েছে সেটা আমার জান নাই।

তবে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেছেন, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, 'সে কাইন্সিলর হোক বা যেই হোক, এ ধরণের কোন অভিযোগ থাকে যে, কাজ করার জন্য টাকা গ্রহণ করেছে তাহলে সে ব্যাপারে আমি এ্যাকশন নিব।'

এদিকে, বাঁশের খুঁটি সরানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে রংপুর বিদ্যুৎ বিভাগ। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম মণ্ডল জানান, 'আমরা প্রজেক্টের অনুমোদন দিয়েছি। কাজ শুরু হয়েছে। ওই এলাকায় কয়েকদিন পরে যাবে।'

বৈদ্যুতিক খুঁটি হিসেবে বাঁশ ব্যবহার মারাত্মক ঝুঁকিপূর্ণ।  স্থানীয় বাসিন্দাদের আশংকা, দ্রুত এসব খুঁটি সরিয়ে না নিলে যে-কোনো সময় ঘটতে পারে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা।