সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী গণধর্ষণের মামলার আরেক আসামি শাহ মো. মাহবুবুর রহমান ওরফে রনিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। রোববার রাত ১০টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯–এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন রাখাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শায়েস্তাগঞ্জ শহর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাহবুবুরকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সিলেট নিয়ে আসা হচ্ছে।
শাহ মো. মাহবুবুর রহমানের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামে। হবিগঞ্জের নবীগঞ্জ থেকে একই সময় মামলার অপর আসামি রবিউল হাসানকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। এর আগে মাধবপুর থেকে গোয়েন্দা পুলিশের একটি দল পলাতক আসামি অর্জুন লস্করকে গ্রেপ্তার করে।
রবিউলকে গ্রেপ্তার করে সিলেট নিয়ে আসার পথে মুঠোফোনে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম বলেন, কাজীগঞ্জ বাজারের নিজআগনা গ্রামে এক আত্মীয়র বাড়িতে আত্মগোপন করেছিলেন রবিউল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের সমন্বিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তরুণী ধর্ষণ মামলায় পলাতক ছয় আসামির মধ্যে তিনজনকেই হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হলো। মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে সকালে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেপ্তার করে ছাতক থানা–পুলিশ।






















