নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মগবাজার এলাকা থেকে ৭হজার পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি) ওয়ারী বিভাগ। আটক মাদক বিক্রেতারা হলেন- মো. নুর আলম সরদার (৩০), এমদাদুল হক (৩২) ও জাকির হোসেন (৩০)।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত কদ্রেছেন।
তিনি জানান, বুধবার দিনগত রাতে রমনা থানাধীন মগবাজার মোড়ের ভর্তা-ভাত রেস্তোরাঁর সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিক্রি ও সরবরাহের জন্য ইয়াবাগুলো এখানে আনা হয়েছিলো।
আসামিদের বিরুদ্ধে রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।






















