নিজস্ব প্রতিবেদক: স্বল্প আয়ের মানুষদের জন্য ১ কোটি ৬৫ লাখ লিটার ভোজ্যতেল কিনছে সরকার। এই তেল ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। প্রতি লিটারের দাম রাখা হবে ১১০ টাকা।
দেশের দুটি ভোজ্যতেল বাজারজাতকারী কোম্পানি থেকে ১ কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হচ্ছে। মেঘনা এডিবল অয়েল থেকে কেনা তেলে লিটারে ৬২ টাকা আর সুপার অয়েলের তেলে লিটারে ৫০ টাকা ভর্তুকি দেয়া হবে। বিপণন খরচ, ডিলারদের কমিশন বাবদও টিসিবির আরও কিছু টাকা খরচ হবে। বর্তমানে বোতলজাত এই তেলের বাজারমূল্য ১৭৮ টাকা।
বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই দরপ্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তুর্কমেনিস্তান থেকে ৮ হাজার টন মসুর ডাল কেনার দর দরপ্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। এতে প্রতি কেজির দাম ধরা হয়েছে ৮৮ টাকা ৭৩ পয়সা।
আমাদের কাগজ//জেডআই






















