অর্থ ও বাণিজ্য ১২ নভেম্বর, ২০২২ ১১:৩০

দেনা-পাওনার ২৯ হাজার কোটি টাকা নিয়ে যা ভাবছে বিদ্যুৎ বিভাগ?

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ বিভাগের আন্তঃসংস্থা গুলোর মধ্যে দেনা-পাওনার হিসেব যেন দিনকে দিন বাড়ছেই। এ  নিয়ে আন্তঃসংস্থা বিপাকে পড়লেও সমাধানের উদ্যেগে পুরোপুরি উদাসীনতা দেখাচ্ছেন সংস্থা সংশ্লিষ্ট কর্তা ব্যাক্তিরা। একটি সূত্রে জানা যায়, মোট ২৯ হাজার ৮৪৯ কোটি টাকা আন্তঃসংস্থা একে অপরের কাছে পাবে। দীর্ঘদিন থেকে এই বকেয়া ঝুলে থাকলেও কেউ তা পরিশোধের উদ্যোগ নিচ্ছে না। এতে সারচার্জ বা সুদের পরিমাণ বাড়ছে।

বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, আন্তঃসংস্থা দেনা-পাওনার মধ্যে ২০ হাজার কোটি টাকাই সুদ। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই অথোরিটি বা ডেসার দেনা সব চাইতে বেশি। দীর্ঘদিন থেকে এই দেনার ওপর সুদ জমা হলেও তা পরিশোধ করা হয়নি। কেবল ডেসার কাছে পিডিবির পাওনা রয়েছে ১৮ হাজার ৪৪৫ কোটি টাকা। চক্রবৃদ্ধি সুদে ১৬৪ কোটি ৭৮ লাখ টাকা থেকে বাড়তে বাড়তে এই দেনা দাঁড়িয়েছে। ঢাকায় বিদ্যুৎ বিতরণের জন্য ১৯৯০ সালে ডেসা গঠন করা হয়। এর পরের বছর থেকে এটি বাণিজ্যিক বিদ্যুৎ বিতরণ শুরু করে।

কিন্তু বিদ্যুৎ চুরি, সিস্টেম লস আর নানা কারণে এটি ভেঙ্গে দিতে বাধ্য হয় সরকার। এরপর ডেসার সব সম্পদ নিয়ে ২০০৮ থেকে বাণিজ্যিক বিদ্যুৎ বিতরণ শুরু করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। কিন্তু ডেসার এই বকেয়ার বিষয়টি এত দিন অমীমাংসিতই রয়ে গেছে। এর বাইরে পিডিবি বিদ্যুৎ বিল বাবদ ডেসকোর কাছে সারচার্জসহ পাবে ৭৩৪ কোটি ৯০ লাখ টাকা। এরমধ্যে জুলাই পর্যন্ত মোট বকেয়া ৮২৭ কোটি ১০ লাখ টাকা এবং সুদ ধরা হয়েছে ৭ কোটি ৮০ লাখ টাকা। পিডিবি বিদ্যুৎ বিল বাবদ ডিপিডিসির কাছে সারচার্জসহ পাবে ৩ হাজার ৩৮৭ কোটি ৮৭ লাখ টাকা। এরমধ্যে সুদ ধরা হয়েছে ২ হাজার ৯৮ কোটি ৬০ লাখ টাকা।

একইভাবে পিডিবি বিদ্যুৎ বিল বাবদ ওজোপাডিকোর কাছে সারচার্জসহ পাবে ৪৬৫ কোটি ৪২ লাখ টাকা। এরমধ্যে সুদ ধরা হয়েছে ২ কোটি ৭৬ লাখ টাকা। এর বাইরে নেসকোর কাছে সারচার্জসহ পাবে ৮৮৬ কোটি ৩৭ লাখ টাকা। এরমধ্যে সুদ ধরা হয়েছে ১৩৫ কোটি ৫৬ লাখ টাকা, আরইবির কাছে সারচার্জসহ পাবে ৪ হাজার ৮৫৩ কোটি ৩৮ লাখ টাকা পাবে। এদিকে পিজিসিবির-ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর কাছে পাওনা আছে।

এরমধ্যে সবচেয়ে বেশি পাওনা পিডিবির কাছেই। পিজিসিবি সঞ্চালন লাইনের বিল বাবদ পিডিবির কাছে পাওনা ৫৪৩ কোটি ৫৩ লাখ টাকা পাবে। একইভাবে ডিপিডিসির কাছে পাওনা ১৪৭ কোটি ৯৫ লাখ টাকা, ডেসকোর কাছে পাওনা ৩৭ কোটি ২৭ লাখ, আরইবির কাছে ২৪৬ কোটি ৪০ লাখ, ওজোপাডিকোর কাছে ২১ কোটি ৯০ লাখ ও নেসকোর কাছে ২৫ কোটি ৭ লাখ টাকা পাবে পিজিসিবি। এছাড়া ডেসার কাছেও এই কোম্পানির দেনা আছে ১৪ কোটি ৮ লাখ টাকা৷

বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেছেন, বিদ্যুৎ বিভাগ আন্তঃসংস্থা দেনা আদায়ের ওপর এতদিন জোর না দিলেও এখন জোর দিচ্ছে। বিশেষ করে সরকারি-বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের দাম পরিশোধ না করতে পারায় বকেয়া আদায়ে জোর দেওয়া হচ্ছে। বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান সম্প্রতি বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে বলেন, আন্তঃসংস্থা দেনা দ্রুত পরিশোধের ব্যবস্থা করতে হবে।

 

 

আমাদের কাগজ/এমটি