অর্থ ও বাণিজ্য ৬ জুলাই, ২০২৩ ০২:৫৭

কাঁচা মরিচে ঝাঁজ, পোয়া ১৩০- কেজি ৫২০ টাকা 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বাজারে ক্রমশ বাড়ছে (কাঁচা ঝাল) বা কাঁচা মরিচের দাম। খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে কাঁচা মরিচের সরবরাহে সংকট থাকায় দাম বেড়েছে। জানা যায়, বাজারে এখন আগুন দাম হাঁকাচ্ছে মরিচ ব্যাবসায়ীরা। আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে আরও ২০ থেকে ৪০ টাকা। 

আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচের দাম ১৩০ থেকে ১৪০ টাকা। আবার কোথাও কোথাও মানভেদে একটু কম দামে বিক্রি হচ্ছে।  

এ দিন সরোজমিন ঘুরে দেখা যায়, কাঁচা মরিচের দাম কেজিতে হাঁকাচ্ছেন ৫২০ থেকে ৫৫০ টাকায়। অনেক স্থানে এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানান সেখানকার ব্যাবসায়ীরা।  

অথচ একদিন আগেও বাজারগুলোতে ব্যবসায়ীরা এক পোয়া কাঁচা মরিচের দাম হাঁকিয়েছেন ১২০ টাকা। এক কেজি নিলে ৪৮০ থেকে ৪৯০ টাকা দরে বিক্রি করেছেন তারা। ঠিক দু’দিন আগে সোমবার (৩ জুলাই) ও মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ থেকে ২৬০ টাকায়।

রামপুরা বাজারের ব্যবসায়ী ইসলাম হোসেন বলেন, দাম বাড়ায় আজ কাঁচা মরিচ না নিয়েই চলে এসেছি। বিক্রির জন্য চিচিঙ্গা, পটল ও কাঁকরোল নিয়ে এসেছি। দাম না কমলে মরিচ বিক্রি করব না।

দাম বাড়তি কেন জানতে চাইলে তিনি বলেন, আমদানি করা মরিচ শেষ, এখন বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কম তাই বাজারে মরিচ সংকট। সে কারণেই দাম কিছুটা বাড়তি।

বাজারে আসা জানজিদা বলেন, মরিচের দাম অনেক বেশি। দু’দিন আগে এক পোয়া কিনেছি ৬০ টাকায়। আজকে বলছে এক পোয়া ১৪০ টাকা। এটা কীভাবে সম্ভব! দেশটা কি মগের মুল্লুক পেয়েছে?  

খুচরা ব্যবসায়ীরা বলছেন, গত সোমবার ও মঙ্গলবার ভারত থেকে কাঁচা মরিচ এসেছে এই খবরে কেজিতে ৫০০ থেকে ৬০০ টাকা কমে ২০০ থেকে ২৫০ টাকা কেজি বিক্রি হয়েছে। 

মঙ্গলবার হঠাৎ করে মরিচের দাম বাড়ায় রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজারে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। তাদের অভিযানের কারণে কমেছিল মরিচের দাম। তবে এর একদিন পর আজ থেকে দাম বেড়ে আবারও ৫০০ টাকায় বিক্রি শুরু হয়েছে।

সম্প্রতি দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। রাজধানীর কোথাও কোথাও শুরুতে ৬০০-৮০০ টাকা কেজিতে বিক্রি হতে থাকে রান্নার জন্য গুরুত্বপূর্ণ এ উপকরণটি। তবে কোনো এলাকায় এক হাজার টাকা কেজি থেকে ১২০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রির খবরও পাওয়া যায়। এ পরিস্থিতি মোকাবিলায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। কৃষি মন্ত্রণালয় জানায়, বাজারকে স্থিতিশীল করতে ভারত থেকে মোট ১ লাখ টনের বেশি কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।


আমাদেরকাগজ/এমটি