ডেস্ক রিপোর্ট ।।
বিভিন্ন হলে ছাত্রলীগের গণরুম, গেস্টরুম নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ছাত্রলীগের হয়রানি থেকে মুক্তি পেতে মেধার ভিত্তিতে হল প্রশাসনের মাধ্যমে সিট বণ্টনের দাবি জানিয়েছেন তারা।
বুধবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে বিভিন্ন বিভাগের কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেন।
এ সময় তারা ‘বৈধ সিট আমার অধিকার, সাধ্য আছে কার, সে অধিকার রুখবার’, ‘হলে থাকে বহিরাগত, ডাকসু তুমি কী করো’, ‘অছাত্রমুক্ত হল চাই, প্রথম বর্ষ থেকে বৈধ সিট চাই’, ‘আর কত স্বপ্নেরা গণরুমে পচে মরবে’, ‘গেস্টরুম-গণরুমের নামে নির্যাতন বন্ধ কর’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, গেস্টরুমে কিছু কর্তৃত্ববাদী উচ্ছৃঙ্খল সাম্রাজ্যবাদী চিন্তাধারার শিক্ষার্থী নবীন শিক্ষার্থীদের অত্যাচার করে।






















