ক্যাম্পাস প্রতিবেদক: দেশের অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট-এর সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের বিরুদ্ধে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)। একই সঙ্গে মামলা প্রত্যাহারের দাবিতে রোববার ঢাকা কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন করবে ঢাকসাস।
শনিবার (২১ জানুয়ারি) সংগঠনটির সভাপতি এ জেড ভূঁইয়া আনাস ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম এ বিষয়ে একটি যৌথ বিবৃতি দেন। এতে মামলাটিকে হয়রানিমূলক ও মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান তারা।
বিবৃতিতে ঢাকসাসের নেতারা বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সাংবাদিকরা যখন সোচ্চার, ঠিক তখনই সরকারের বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা একটি অসাধু চক্র নিজেদের দুর্নীতি ও অপরাধ ঢাকতে সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ওই চক্রটির কর্মকাণ্ড সরকারের স্বাধীন সংবাদমাধ্যম নীতিকে প্রশ্নবিদ্ধ করছে।
সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে করা সব ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে নেতারা বলেন, স্বাধীন দেশে গণমাধ্যমের ওপর এমন নগ্ন হামলা বন্ধ না হলে সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।
এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি রোববার (২২ জানুয়ারি) মানববন্ধন করবে। দুপুর দেড়টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হবে।
আমাদেরকাগজ/এইচএম






















