শিক্ষা ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:৫৫

রাতভর নির্যাতন: তদন্ত কমিটির কাছে যা বললেন ছাত্রলীগের সেই নেত্রী

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী কর্তৃক নবীন ছাত্রীকে রুমে ডেকে র‍্যাগিংয়ের নামে রাতভর নির্যাতনের ঘটনায় চলছে তদন্ত। বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির তলবে আজ সোমবার ক্যম্পাসে উপস্থিত হয়েছেন অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী ও তার সহযোগী তাবাসসুম।

দুপুর সোয়া ১টায় তদন্ত কমিটির সাথে সাক্ষাৎকার শেষে মূল অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'আমার সাথে একবার কথা হয়েছে। আমার কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এবং আমার সাক্ষরিত চার পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। তদন্তের সার্থে আমি আর কিছু বলতে চাচ্ছি না। তদন্ত হচ্ছে, তদন্তের মাধ্যমে আপনারা সবকিছু জানতে পারবেন।'

ভীতিকর পরিবেশ তৈরির অভিযোগ সম্পর্কে সানজিদা চৌধুরী বলেন, ‘তদন্ত প্রতিবেদনে সত্য ঘটনা উঠে আসবে।’

দলীয় কর্মসূচিতে অংশ না নিয়েও পদ পাওয়ার বিষয়ে তিনি বলেন, কমিটিতে আসা না আসা সেটা আমার মন্তব্য করার বিষয় না। আপনারা বড়দের সঙ্গে কথা বলতে পারেন।’

তবে হলে রাতে শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। 

তদন্তের বিষয়ে অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ‘তদন্ত অনেক দূর এগিয়েছে। রোববার সাড়ে নয়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ বিষয়ে কাজ করেছি। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করব।’

এছাড়া সিসি টিভির ফুটেজ পর্যালোচনার প্রশ্নে তিনি বলেন, 'আমরা প্রভোস্টকে সিসি টিভির ফুটেজ আমাদের কাছে সরবরাহ করার জন্য বলেছি। কিন্তু তারা এখনও দিতে পারে নি। তারা বলছে, সিসিটিভির ব্যাপারটি আইসিটি সেলের টেকনিশিয়ান দেখিয়েছে। ওটাতে কিছু ডিভাইস লাগবে। সেটার জন্য প্রভোস্ট ব্যবস্থা করছেন। দুই এক দিনের মধ্যে আমরা হয়তো পাবো।'

আমাদেরকাগজ/এইচএম