রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের থেকে ভিসিকে উদ্ধার করে তার বাসভবনে পৌঁছে দিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (১২ মার্চ) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে তারা ভিসিকে উদ্ধার করে।
উদ্ধারের সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে তার বাসভবনে প্রবেশে বাধা প্রদান করে। এসময় ভিসির বাসার সামনের গেটে শিক্ষার্থীরা অবস্থান নেয়। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে সরিয়ে ভিসিকে তার বাসভবনে প্রবেশ করায়।
এর আগে, দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভিসি স্যারকে নিয়ে বিনোদপুর গেলে যদি কারো কিছু হয় সেই দায়ভার আপনারা কি নিতে পারবেন? এমন কথা বলার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তাদের কথা শুনতে অস্বীকার করে।
আমাদের কাগজ/টিআর






















