শিক্ষা ৯ ডিসেম্বর, ২০২৩ ১০:৪০

প্রাথমিক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গ্রেপ্তার ১২৪

আমাদের কাগজ ডেস্ক: নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১২৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের জন্য পরীক্ষায় আবেদন করেছিলেন তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী। শুক্রবার ৮ ডিসেম্বর রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে রংপুর বিভাগের ৯৬ এবং বরিশাল বিভাগের ২৮ জন রয়েছেন। তবে সিলেট বিভাগে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত এ পরীক্ষার দায়িত্বে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের পরিচালক মনীষ চাকমা।

গণমাধ্যমকে তিনি জানান, আমাদের হাতে এখন পর্যন্ত যে তথ্য এসেছে, তাতে রংপুরে ৯৬ ও বরিশালে ২৮ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। 

মন্ত্রণালয়ের সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টায় রংপুর বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলায় একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার জন্য ডিজিটাল জালিয়াতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

মন্ত্রণালয়ের সূত্র আরও জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষায় আবেদন করেছিলেন তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী।

তবে কতজন পরীক্ষায় অংশ নিয়েছেন, তা জানায়নি অধিদপ্তর।