শিক্ষা ২১ অক্টোবর, ২০১৯ ০১:৪১

রাবির ভর্তি যুদ্ধ শুরু আজ

ডেস্ক রিপোর্ট ।। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টায় ‘এ’ ইউনিটের গ্রুপ-১ এর পরীক্ষার মধ্যদিয়ে শুরু হচ্ছে এ বছরের ভর্তি পরীক্ষা। ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে ৭৮ হাজার ৯০ জন ভর্তিচ্ছু এবার আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, আজ তিনটি গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ‘এ’ ইউনিটের গ্রুপ-১, বেলা পৌনে ১২টায় ‘এ’ ইউনিটের গ্রুপ-২ এবং বিকাল ৩টায় ‘বি’ ইউনিটের (কমার্স) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় ‘সি’ ইউনিট-১ (বিজ্ঞান) এবং বেলা পৌনে ১২টায় ‘সি’ ইউনিট-২ ও ৩ (বিজ্ঞান ও অবিজ্ঞান) এর পরীক্ষার মধ্যদিয়ে শেষ হবে এ বছরের ভর্তি পরীক্ষা।

জনসংযোগ দপ্তরের পরিচালক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, চলতি শিক্ষাবর্ষে লিখিত ও বহু নির্বাচনী দুইটি পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুরা বহুনির্বাচনী প্রশ্নের জন্য ৫০ মিনিট ও লিখিত প্রশ্নের জন্য ৪০ মিনিট সময় পাবেন।