ডেস্ক রিপোর্ট।।
আবাসন সংকটের স্থায়ী সমাধানের দাবিতে উপাচার্য (ভিসি) বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীরা। ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে প্রথমবর্ষের শিক্ষার্থীরা তোষক-বালিশ নিয়ে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেন।
২৯ অক্টোবর, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী শিক্ষার্থীরা উপাচার্য বাসভবনে প্রবেশ করতে চায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা বিক্ষোভকারী শিক্ষার্থীদের বাধা দেয়।
এ সময় বিক্ষোভকারীদের হাতে ‘আমার কেন সিট নাই প্রশাসন জবাব চাই’, ‘গণরুমে ঠাঁই নাই’, ‘আবাসন সংকট সমাধান করতে হবে’ ইত্যাদি লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ছিলো।
বিক্ষোভে অংশ নেয়া সুদর্শন হালদার নামে এক শিক্ষার্থী বলেন, ‘উপাচার্য বাসভবনে না থাকায় আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না।’
প্রসঙ্গত, এর আগে ১ অক্টোবর ঢাবি উপাচার্য আখতারুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনের জন্য ১৫ দিনের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। এ সময় মধ্যে সংকট নিরসনে কোনো সমাধান বের করতে না পারলে উপাচার্য বাসভবনে আশ্রয় নেবে বলেও হুমকি দিয়েছিলেন শিক্ষার্থীরা।






















