ডেস্ক রিপোর্ট ।।
২০১৫ সালে বাংলাদেশে বুকের হাড় না কেটে পরীক্ষামূলকভাবে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কয়েকজন হৃদরোগীর অস্ত্রোপচার হয়েছে। কিন্তু এবার প্রথম বাংলাদেশের কোনো সরকারি হাসপাতালে বুকের হাড় না কেটে হার্টের অস্ত্রোপচার করা হয়েছে।
রবিবার ডা. আশ্রাফুল হক সিয়ামের নেতৃত্বে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) স্বাস্থ্যখাতের আধুনিক চিকিৎসা পদ্ধতি মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (এমআইসিএস) করা হয়।
মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (এমআইসিএস) আমেরিকাসহ বিশ্বের অনেক দেশে এ পদ্ধতি এরই মধ্যে সাফল্য লাভ করেছে। ক্রমেই এ পদ্ধতিতে চিকিৎসা গ্রহণকারীর সংখ্যা বেড়ে চলেছে।
ডা. আশ্রাফুল হক সিয়াম বলেন, 'এই পদ্ধতিতে বুক না কেটে ছোট ছোট ছিদ্রের মাধ্যমে হার্টের অস্ত্রোপচার করা হয়। এতে রোগীর আতঙ্ক, ঝুঁকি, ব্যথা ও সময় কমের পাশাপাশি খরচও কম হয়। এছাড়াও অস্ত্রোপচারের পরদিনই রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিতে পারেন।'
‘সব মিলিয়ে এটি একটি আধুনিক ও ঝুঁকিমুক্ত পদ্ধতি।’






















