আজ থেকে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১২ কর্মদিবস পর্যন্ত। এরপর এক দিন শুধু জেলা ও উপজেলা পর্যায়ের স্কুলের বাইরে থাকা ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য সারা দেশে একযোগে কমিউনিটি পর্যায়ে টিকা কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব শামসুল হকের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
নির্দেশনায় বলা হয়, সকাল ৯টায় টিকা দেওয়া শুরু হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/প্রতিনিধি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা পৌরসভা কর্তৃপক্ষ আলোচনা করে সমন্বয়ের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রমের সময় নির্ধারণ করবে।
সুরক্ষা ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে এই বয়সসীমার শিশুদের রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে।






















