স্বাস্থ্য সেবা ৩০ নভেম্বর, ২০২২ ০৫:০৯

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৬

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৬ জন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ১ হাজার ৮০৩ জন। এছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ২৫৪ জনের।

বুধবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু-আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৩৯ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৭ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৭৫৫ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৯২৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ হাজার ৬৬১ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মৃত্যু হয়েছিল ১০৫ জনের।

আমাদেরকাগজ/এইচএম