স্বাস্থ্য সেবা ২৭ মে, ২০২৩ ০৫:২০

আরও ৮০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময়ে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যায়নি। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন ও বাকি সাতজন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৭৬ জন এবং অন্যান্য বিভাগে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ৭০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ১১৯ জন এবং ঢাকার বাইরে ৫৮৫ জন।

অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৯৩৩ ও ঢাকার বাইরের ৫৫৬ জন।


আমাদেরকাগজ/এইচএম