নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২১১ জন। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ আক্রান্ত।
এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগী বেড়ে দাঁড়ালো ৭০৩ জনে।
মঙ্গলবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়ে, সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ২১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৭৪ জন ও ঢাকার বাইরের ৩৭ জন।
চলতি বছরের ১ থেকে ১২ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬০১ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৩৬ জন। আর ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছে ৮৬৫ জন।
অন্যদিকে, এসময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৮৭১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা দুই হাজার ১৩৮ জন এবং ঢাকার বাইরে ৭৩৩ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ২৭ জন।
আমাদেরকাগজ/এইচএম






















