নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন। যা চলতি বছরের সর্বোচ্চ।
এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৮ জনে।
শনিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার (১৬ জুন) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৪৭৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০২ জন ও ঢাকার বাইরের ৭৫ জন।
চলতি বছরের ১ থেকে ১৭ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৬০৩ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৭৫ জন। ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছে ১ হাজার ২৮ জন।
অন্যদিকে, এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন হাজার ৪৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা দুই হাজার ৬৩৭ এবং ঢাকার বাইরে ৭৯৫ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৩৩ জন।
আমাদেরকাগজ/এইচএম






















