নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে ২৬৭ জন ঢাকার এবং ১৩২ জন ঢাকার বাইরের।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪৫ জন।
রোববার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪৯৮ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ১ হাজার ১১৭ জন,আর বাকি ৩৮১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাত হাজার ২৩৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন পাঁচ হাজার ৬৯৫ জন।
প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
আমাদেরকাগজ/এইচএম






















