স্বাস্থ্য সেবা ১১ জুলাই, ২০২৩ ০৮:৫২

ডেঙ্গুতে রেকর্ড ৭ মৃত্যু, হাসপাতালেও ভর্তির রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে।

এছাড়া একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৪ জন ডেঙ্গুরোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এ

মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬২৮ জন ও ঢাকার বাইরের ৪২৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৮৯৭ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২৯২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪ হাজার ৬০৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৫১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭ হাজার ৯২১ জন এবং ঢাকার বাইরের ৩ হাজার ৫৯০ জন।


আমাদেরকাগজ/এইচএম