নিজস্ব প্রতিবেদক: চলতি বছর ডেঙ্গুরোগীদের চিকিৎসায় সরকারের ৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যা রোগীপ্রতি ৫০ হাজার টাকা থরচ হয়েছে। এছাড়া এখন পর্যন্ত হাসপাতালে সেবা নেওয়া মোট রোগীর ৭০ শতাংশ সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।
রোববার (২৭ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব তথ্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার করোনার মতো ডেঙ্গু চিকিৎসাও বিনামূল্যে দিচ্ছে। ডেঙ্গু চিকিৎসায় খরচ দুই ধরনের হয়। যাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা বা প্লাটিলেট নিতে হচ্ছে তাদের চিকিৎসা ব্যয় এবং যাদের লাগছে না তাদের খরচ ভিন্ন। এর চিকিৎসায় সরকারিভাবে ৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে। রোগীপ্রতি সরকারের গড়ে ব্যয় ৫০ হাজার টাকা।
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ১৮৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৪১১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ২৩৬। এছাড়া এবার এখন পর্যন্ত মারা গেছেন ৫৩৭ জন।
আমাদেরকাগজ/এইচএম






















