ডেস্ক রিপোর্ট
অত্যধিক ওজন শারীরিক সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি শরীরে বিভিন্ন রোগের ও বাসা বাঁধার সুযোগ করে দেয়। প্রত্যেকের তাই বাড়তি মেদ নিয়ে থাকে নানা চিন্তা।
স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিনের খাদ্যতালিকায় যদি বিভিন্ন ধরনের ডাল রাখা যায়, তাহলে তা কেবল ওজন হ্রাস করতেই সহায়তা করবে না, পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করবে। এখানে তিন রকমের ডালের কথা বলা হলো, যা ওজন হ্রাস করতে সহায়তা করতে পারে।
মুগ ডাল
সাধারণত বাজারে দুই প্রকারের মুগ ডাল পাওয়া যায়—একটি খোসা ছাড়া হলুদ রঙের, আরেকটি খোসাসহ সবুজ রঙের। এই ডাল খাওয়ার সবচেয়ে সুবিধা হলো, এটি ওজন কমাতে সাহায্য করে। মুগ ডাল ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ, যা আমাদের দীর্ঘ সময়ের জন্য তৃপ্ত রাখে। এ ছাড়া মুগ ডাল সহজে হজম হয়ে যায়।
মসুর ডাল
মসুর ডাল কার্বোহাইড্রেট ও লো-ফ্যাট যুক্ত। এই ডালে ফাইবার বেশি থাকে। এটি হজমক্ষমতা বৃদ্ধিতে ও ওজন হ্রাস করতে সহায়তা করে। মসুর ডালে শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, ফাইবার, পটাশিয়াম, আয়রন প্রভৃতি প্রচুর পাওয়া যায়। ১০০ গ্রাম মসুর ডালে ৩৫২ ক্যালরি এবং ২৪.৬৩ গ্রাম প্রোটিন রয়েছে, যা প্রোটিনের দৈনিক মানের ৪৪ শতাংশ।
কুলথি ডাল
ইংরেজিতে এটি হর্স গ্রাম নামেও পরিচিত। কুলথি ডাল ওজন কমাতে সাহায্য করে এবং আমাদের দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। কুলথি ডাল প্রোটিনের সেরা উৎস, যা আপনি আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন। এই ডালে ভিটামিন, ফাইবার, মিনারেলস রয়েছে এবং এতে ক্যালরিও কম থাকে, যা ওজন হ্রাসে খুবই সহায়ক।






















