আমাদের কাগজ ডেস্ক: সারা দেশে ঈদুল ফিতরকে কেন্দ্র করে ১৫ দিনে ৩৪১টি সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটেছে। এতে ৩৫৫ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৬২০ জন মানুষ।
মঙ্গলবার (২ মে) তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি আয়োজিত ‘ঈদযাত্রায় দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, উল্লিখিত সময়ে রেলপথে ২৭টি ঘটনায় ২২ জন নিহত ও৫৫ জন আহত হয়েছেন। নৌপথে ১০টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২২ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে শুধু সড়ক-মহাসড়কে ৩০৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩২৮ জন আর আহত হয়েছে ৫৬৫ জন।
ঈদযাত্রা শুরুর দিন ১৫ এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরার সময় ২৯ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত, ১২০ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৫৪ দশমিক ৩ শতাংশ, নিহতের ৫১ শতাংশ এবং আহত ২১ শতাংশ।
এই সময় সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ৮৮ জন চালক, ১৬ জন পরিবহন শ্রমিক, ৪২ জন পথচারী, ৪৮০ জন শিশু ১৭ জন শিক্ষার্থী, ১ জন সাংবাদিক, ৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৪ জন শিক্ষক, ৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ৩২ জন বীর মুক্তিযোদ্ধা, ৬ জন চিকিৎসকের পরিচয় মিলেছে।
২০২২ সালের ঈদুল ফিতরে যাতায়াতের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ১৮ দশমিক ২ শতাংশ, প্রাণহানী ২১ দশমিক ১ শতাংশ, আহত ৩০ শতাংশ কমেছে।
আমাদের কাগজ/এমটি






















