জাতীয় ৮ এপ্রিল, ২০২৬ ০৮:১৬

ফৌজদারি কার্যবিধি সংশোধনে সংসদের সায়, ১৪ বিল পাস

নিজস্ব প্রতিবেদকব
কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তাঁর পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ বাধ্যতামূলকেরবিধান রেখে ফৌজদারি কার্যবিধি সংশোধন বিল সংসদে পাস হয়েছে। মঙ্গলবার সংসদের বৈঠকে বিলটি পাসের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। 

পাশাপাশি রাজনৈতিক দলের বিচারের বিধান রেখে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬সহ ১৪টি বিল পাস এবং দুটি বিল উত্থাপনের পর সংসদের বিবেচনার জন্য অপেক্ষমাণ রয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে এসব অধ্যাদেশ ৯ এপ্রিলের মধ্যে পাস করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। দুপুরে তিন ঘণ্টা বিরতি দিয়ে রাত ৮টা পর্যন্ত চলে বৈঠক। পাস হওয়া বিলে এসব অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি। বিলগুলোতে দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এর ওপর কোনো আলোচনাও হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা উত্থাপনের পর বিলগুলো সরাসরি কণ্ঠভোটে পাস হয়। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে সংসদে অনুমোদের সুপারিশ করেছিল সংসদের বিশেষ কমিটি। বাকি ২০টির মধ্যে চারটি বাতিল করা এবং ১৬টি পরবর্তী সময়ে আরও শক্তিশালী করে নতুন বিল আনার সুপারিশ করা হয়।

নাম পরিবর্তন-সংক্রান্ত
গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত তিনটি বিল পাস হয়। এগুলো নাম পরিবর্তন-সংক্রান্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল সংসদে পাস হয়।
খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এটি অনুমোদনে গতকাল শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) বিল সংসদে পাস হয়।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের অনুপস্থিতিতে পৃথকভাবে বিল দুটি পাসের জন্য সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিলটি উত্থাপনের সময় সালাহউদ্দিন আহমেদ কিছুটা হাস্যরস করে বলেন, ‘খুব দুঃখের ব্যাপার। এতক্ষণ তো যা বললাম, এখন আবার শেখ হাসিনা বলতে হচ্ছে।’ 
এ ছাড়া নাম পরিবর্তন করে জারি করা অধ্যাদেশ অনুমোদনে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) বিল, শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) বিলও সংসদে পাস হয়েছে। বিল দুটি পাসের জন্য সংসদে তোলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অর্থের বিল
গতকাল বিকেলে নির্দিষ্টকরণ সম্পূরক (২০২৪-২৫ অর্থবছর) বিল, নির্দিষ্টকরণ (২০২৫-২০২৬ অর্থবছর) বিল পাস হয়। এ দুটি বিল পাসের জন্য সংসদে তোলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) রহিতকরণ বিল পাসের জন্য তোলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বাণিজ্যিক আদালত বিল পাসের জন্য তোলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
এর আগে সকালে হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল সংসদে পাসের জন্য প্রস্তাব করেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিলটি কণ্ঠভোটে পাস হয়। 

দুই বিল উত্থাপন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল এবংধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিল গত সংসদে তোলা হয়েছে। এ দুটি ক্ষেত্রে যেভাবে অধ্যাদেশ জারি করা হয়েছিল, বিলে তার কিছু সংশোধন আছে। এ দুটি ক্ষেত্রে বিশেষ কমিটিতে নোট অব ডিসেন্ট দিয়েছিল বিরোধী দল। এগুলো গতকাল উত্থাপন হলেও আলোচনা বা পাস হয়নি। 

আইনমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক
ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল-সংক্রান্ত বিলটি পাসের প্রস্তাব করতে গিয়ে আইনমন্ত্রী বলেন, এটি এমন একটি বিল, যার মধ্যে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা বলছে, সরকার গুম প্রতিরোধে আইন করতে চাচ্ছে না, তাদের তিনি এ আইনটি ভালো করে দেখার পরামর্শ দেন। তিনি বলেন, বর্তমান সরকার গুমের বিচারে বদ্ধপরিকর, সেটার বহিঃপ্রকাশ এই আইনে এসেছে।
বিলটি পাস হওয়ার পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, আইনমন্ত্রী বিল পাসের প্রস্তাব করতে গিয়ে যা বলেছেন তা অনাহুত। এটা না বললেই ভালো হতো। আলোচনার যখন নির্দিষ্ট সময় আসবে, তখন এ বিষয়ে তারা কথা বলবেন। 
জবাবে আইনমন্ত্রী বলেন, বাইরে অনেকে গুমের বিচারে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। সে কারণে এ বিল উপস্থাপনের আগে তিনি পরিষ্কার করেছেন, গুমের বিচারে সরকার কতটা প্রতিশ্রুতিবদ্ধ।