নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের আত্মপক্ষ সমর্থনে শুনানি আজ বুধবার (৩ জুন) অনুষ্ঠিত হবে।
ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি হবে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গমেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
সাক্ষীরা হলেন—রামিসার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা, মা পারভীন আক্তার, বড় বোন রাইসা আক্তার, ফুপু মাহমুদা আক্তার, চাচা মিজানুর রহমান লিটন, চতুর্থ তলার বাসিন্দা মনির হোসেন, প্রতিবেশী জাকিরুল ইসলাম রাজু, দ্বিতীয় তলার বাসিন্দা শেখ আবু সামা, ফুপা মনিরুজ্জামান শাহীন, কনস্টেবল রোমা আক্তার, কনস্টেবল শরীফ মিয়া, এসআই ইকবাল হোসেন, চিকিৎসক নাসাদ জাবিন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ, এসআই রাশেদুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা এসআই মো. অহিদুজ্জামান।
সোমবার একই আদালত মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
গত ১৯ মে দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ওইদিন সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দা ৩২ বছর বয়সী সোহেল শিশুটিকে গলা কেটে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর ওই ফ্ল্যাটের সাবলেট ভাড়াটিয়া গ্রিল কেটে পালিয়ে যান। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই ছিলেন।
পুলিশ বাসা থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ওইদিনই পল্লবী থানায় সোহেল ও স্বপ্নাকে আসামি করে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, পল্লবীর সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকত রামিসা। সে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন সোহেল ও স্বপ্না। ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে রামিসা বাসা থেকে বের হলে আসামিরা কৌশলে তাকে ভবনের তৃতীয় তলায় নিজেদের কক্ষে নিয়ে যান।
সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামিদের কক্ষের সামনে মেয়েটির স্যান্ডেল দেখতে পান তার মা। পরে ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় সোহেল ও স্বপ্নার কক্ষে রামিসার মাথাবিহীন দেহ এবং বাথরুমের একটি বালতিতে তার মাথা দেখতে পান। তখন স্বপ্না সেখানে দাঁড়িয়ে ছিলেন।
জিজ্ঞাসাবাদে স্বপ্না জানান, সোহেল রামিসাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণের পর হত্যা করেন। পরে লাশ গুমের উদ্দেশ্যে ছুরি দিয়ে মাথা আলাদা করেন এবং দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে এনে শোবার ঘরের খাটের নিচে রাখেন। কাটা মাথা বাথরুমের বালতিতে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি।
মামলাটি তদন্ত শেষে গত ২৪ মে পল্লবী থানার এসআই মো. অহিদুজ্জামান দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। একই দিন বিচারক মাসরুর সালেকীন অভিযোগপত্র গ্রহণ করেন।






















