জাতীয় ২৭ আগস্ট, ২০১৯ ১২:৫৪

বিমানে নিহত হলে ক্ষতিপূরণ ১ কোটি ৪০ লাখ টাকা

বিমান দুর্ঘটনায় কোনো যাত্রী মারা গেলে তার পরিবার ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ৪০ লাখ টাকা পাবে। এ আইনের খসড়া সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়েছে। 

মন্ট্রিয়ল কনভেনশন অনুযায়ী এই আইনের খসড়ায় যাত্রী ও তার মালামালের সুরক্ষায় অন্যান্য ক্ষতিপূরণের পরিমাণও বাড়ানো হয়েছে। ‘অকাশপথে পরিবহন ( মন্ট্রিয়ল কনভেনশন, ১৯৯৯) আইন ২০১৯’-এর খসড়ায় ক্ষতিগ্রস্ত যাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ না দিলে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের জন্য ১০ বছরের কারাদণ্ড ও ১০০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ‘খসড়া আইনটিতে আকাশপথে যাত্রীদের সুরক্ষা ও অধিকার রক্ষায় আইনটি করার উদ্যোগ নেয়া হয়েছে।’

সচিব জানান, খসড়া আইনে কোনো যাত্রীর ব্যাগ হারিয়ে গেলে ৭০ ডলার ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়েছে। তবে এই আইনের সঙ্গে বিমানের ভাড়া বাড়ার কোনো যোগসূত্র নেই বলে জানান তিনি।