নিজস্ব প্রতিবেদক
পুলিশি তদন্তের কাজে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যান গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৩)। মোটরসাইকেলে চড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু, তিনি আর ফিরে আসতে পারেননি থানায়।
বিমানন্দর এলাকার এপিবিএন মাঠের পাশ দিয়ে যখন কামরুল ইসলাম মোটরসাইকেল চালাচ্ছিলেন, তখন একটি দ্রুতগতির বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই কামরুল নিহত হন। ঘটনা গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকের।
আজ বৃহস্পতিবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।
আবুল হাসান বলেন, ‘কামরুল ইসলামের ওই এলাকায় একটি তদন্তের কাজ ছিল। তিনি সে কাজেই গিয়েছিলেন বলে আমি জানি। রাত ১০টা ৫০ মিনিটের দিকে একটি বাস কামরুলকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ বাস কিংবা এর চালককে গ্রেপ্তার করতে পারেনি। এখনো চালককে শনাক্তও করতে পারেনি।’
ওসি আরো বলেন, ‘কামরুলের আড়াই বছরের কন্যাসন্তান রয়েছে। তাঁর স্ত্রী পাগলপ্রায় হয়ে গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাব, এই অবস্থাও তাঁর নেই।
কামরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁকে রাজারবাগ পুলিশ লাইনসে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তাঁকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।’
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) কায়কোবাদ বলেন, ‘এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। বাসটিকেও শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখার চেষ্টা করছি। এ ঘটনায় পুলিশ কর্মকর্তার স্ত্রী বাদী হয়ে একটি মামলা করবেন। বিষয়টি প্রক্রিয়াধীন।

















